৩৬ বছর আগের কথা। তখন আজকের ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান ১৮ বছরের তরুণ। প্রেমে পড়লেন গৌরী ছাব্বারের। অবশ্য এই ঘটনার ৭ বছর পর, অর্থাৎ ১৯৯১ সাল থেকেই তিনি গৌরী খান, শাহরুখ খানের স্ত্রী।


শাহরুখের মুখেই শোনা যাক তাঁর প্রেমকাহিনির একাংশ। ‘১৯৮৪ সালে ঘটনা ঘটল। তুমুল প্রেমে পড়লাম গৌরী নামের এক মেয়ের। ওর বাড়ি ছিল পঞ্চশিলে আর আমার হুজ খাসে। আর সেই সময় অন্য যেকোনো তরুণ যা করত, আমিও বোকার মতো তা–ই করলাম। পার্কে, রেস্টুরেন্টে প্রেমিকাকে পটাতে গাইলাম,“গৌরী তেরা গাঁও বারা প্যায়ারা...”।

ওই ভিডিওতে মজা করে শাহরুখ আরও বললেন, ‘আমার গান শুনেও গৌরী আমাকে ছেড়ে যায়নি। ও মুখের ওপর বলেছিল, “ফালতু”। ওর নাকি খুবই “সস্তা” লেগেছিল আমার গান। ভাগ্যিস আমাকে না।’ এভাবেই এক ভিডিও সাক্ষাৎকারে নিজের প্রেমের সময়কার কথা বলেছিলেন শাহরুখ।




এই সাক্ষাৎকারও বহু পুরোনো। ১৯৯০–এর দশকের। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও। করোনার দিনে লকডাউনে ভক্তরা পেছনে ফিরে তাকিয়ে দেখছেন পুরোনো শাহরুখকে। তাই হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও।


শাহরুখ খান আর গৌরী খানের প্রথম দেখা ১৯৮৪ সালে। দিল্লির পঞ্চশিলা ক্লাবে। তখন শাহরুখের বয়স ছিল ১৮ আর গৌরীর ১৪ বছর। শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বাগধারাটি সত্যি। সেই প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়েছিলেন শাহরুখ। শাহরুখ যখন কেবলই একজন সাধারণ শাহরুখ, সেই সময় থেকে আজকের বলিউডের অন্যতম প্রভাবশালী নায়ক হওয়া পর্যন্ত তাঁর হাত শক্ত করে ধরে ছিলেন যে গৌরী খান।


দেখতে দেখতে শাহরুখ খান ও গৌরি দম্পতি ২৮ বসন্ত পার করলেন এক ছাদের নিচে। কত কাব্য, মহাকাব্য রচিত হলো এই সময়ে। কত ছবি ব্লকবাস্টার হিট করল, ফ্লপ করল। দেখতে দেখতে বড় হয়ে গেল আরিয়ান আর সুহানা। এই বেলা হুঁশ ফিরেছে শাহরুখের।